২৬ জুন ২০২৬ :- প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা পরিষেবা চালু করার ঘোষণা দিল ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর পর্যটন ভিসা পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্তকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় অবস্থিত পাঁচটি ভিসা কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে এই পরিষেবার পরিধি আরও বিস্তৃত করা হতে পারে।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসা পরিষেবাও আগের মতো চালু থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঘটনার পর ভারত পর্যটন ভিসা প্রদান কার্যত স্থগিত রেখেছিল। যদিও চিকিৎসা, জরুরি ভ্রমণ এবং অন্যান্য বিশেষ ক্যাটাগরির ভিসা সীমিত আকারে চালু ছিল।
পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানও আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্তে বাংলাদেশের সাধারণ ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। বিশেষ করে যাঁরা চিকিৎসা, পর্যটন বা পারিবারিক কারণে ভারতে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের কাছে এই ঘোষণা স্বস্তির বার্তা হিসেবে এসেছে।