কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা মডেল, মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরা মডেল, মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

2 Min Read

আগরতলা, ২৯ জুন: নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরার কাজ দেশের অন্যান্য রাজ্যের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সোমবার আগরতলায় বিভিন্ন প্রকল্প পরিদর্শনের পর তিনি এই মন্তব্য করেন।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট-২ (সিসিআই), মহিলা আশ্রম সংলগ্ন ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মাণাধীন কর্মজীবী মহিলাদের হোস্টেল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের সচিব তপন দাস-সহ অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পগুলির পরিকাঠামো, পরিষেবার মান এবং উপভোক্তাদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেন।

নির্মাণাধীন কর্মজীবী মহিলাদের হোস্টেলের কাজ দ্রুত এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা যাতে সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছেও সঠিকভাবে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে অন্নপূর্ণা দেবী জানান, ত্রিপুরায় কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন ও পরিচালন পদ্ধতি তাঁকে অত্যন্ত মুগ্ধ করেছে। তাঁর মতে, রাজ্য সরকার যেভাবে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে প্রকল্পগুলি পরিচালনা করছে, তা একটি সফল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, ত্রিপুরার এই মডেল দেশের অন্যান্য রাজ্যেও প্রয়োগের সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয়ের পর্যায়ে আলোচনা করা হবে। পাশাপাশি অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের ত্রিপুরায় পাঠিয়ে এই প্রকল্পগুলি সরেজমিনে পরিদর্শনের বিষয়টিও বিবেচনা করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যমাত্রা পূরণে ভবিষ্যতে চালু হওয়া বিভিন্ন প্রকল্পও ত্রিপুরা সরকার সফলভাবে বাস্তবায়ন করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *