*ঢাকা, আন্তর্জাতিক ডেস্ক:* রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ‘জুলাই জাতীয় সনদ’-এর আওতায় গণভোটে গৃহীত প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ইতিমধ্যেই সংসদের পাশাপাশি রাজপথেও কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে।
জামায়াতের আমির শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, তা বাস্তবায়নের বিষয়টি থেকে তাঁরা সরে আসবেন না। তাঁর বক্তব্য, জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো এবং সেই রায় কার্যকর করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। যদি সংসদীয় প্রক্রিয়ায় সমাধান না আসে, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের পথেও যাওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
রাজনৈতিক সূত্রের খবর, সংবিধান সংস্কারকে কেন্দ্র করে সরকার যে উদ্যোগ নিতে চলেছে, তা নিয়েও বিরোধী শিবিরের আপত্তি রয়েছে। বিরোধী নেতাদের একাংশের মতে, গণভোটে জনগণের মতামত ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ফলে নতুন করে বিষয়টিকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে না নিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।
এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, গণভোটে জনগণের সমর্থন পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এখনও কার্যকর হয়নি। ফলে ভোটারদের প্রত্যাশা এবং রাজনৈতিক বাস্তবতার মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে।
জামায়াত নেতৃত্ব জানিয়েছে, তারা সংসদের ভেতরে গণতান্ত্রিক উপায়ে বিষয়টি উত্থাপন করবে। পাশাপাশি জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী সভা, সমাবেশ, প্রচার অভিযান এবং গণসংযোগ কর্মসূচির পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছে দলটি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিষয়টি শুধুমাত্র একটি সংবিধান সংশোধন বিতর্ক নয়; বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক সংস্কারের বৃহত্তর প্রশ্নের সঙ্গে জড়িত। ফলে আগামী দিনে বিষয়টি দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে রাষ্ট্র সংস্কার সংক্রান্ত একাধিক প্রস্তাবের ওপর জনগণের মতামত নেওয়া হয়। সেই গণভোটের ফলাফল এবং তার বাস্তবায়ন নিয়েই বর্তমানে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহে সরকার ও বিরোধী দলগুলোর অবস্থান কোন দিকে যায়, তার উপরই নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী গতিপথ।