কলকাতা: বর্ষা মরসুমকে সামনে রেখে যাত্রী নিরাপত্তা ও ট্রেন পরিষেবার নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে বড়সড় প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেল। ট্র্যাক জলমগ্ন হওয়া, ড্রেন বন্ধ হয়ে যাওয়া এবং সিগন্যালিং সমস্যা এড়াতে একাধিক স্তরের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।
হাওড়া ডিভিশনে ট্র্যাকের পাশের গাছ ছাঁটাই অভিযান প্রায় সম্পূর্ণ হয়েছে। মোট ৭,৬২৭টি চিহ্নিত গাছের মধ্যে ৭,৫৫৮টি ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ রয়েছে। একই সঙ্গে শিয়ালদহ ডিভিশনেও ওভারহেড লাইনের নিরাপত্তা ও সিগন্যাল দৃশ্যমানতা নিশ্চিত করতে সমান্তরাল কাজ চলছে।
ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনে ট্র্যাক ও ক্রস-ট্র্যাক মিলিয়ে ১ লক্ষের বেশি মিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে বলে রেল সূত্রের দাবি। কলোনি এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেশিরভাগ অংশ ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জল জমার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। হাওড়া ডিভিশনে কয়েক ডজন “ঝুঁকিপূর্ণ পয়েন্ট” চিহ্নিত করে সেখানে স্থায়ী টহলদারি ও রিয়েল-টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। শিয়ালদহ ডিভিশনেও ২৪ ঘণ্টা মনসুন পেট্রোলিং চালু রয়েছে।
এছাড়া, লো-হাইট সাবওয়ে ও রোড আন্ডার ব্রিজ এলাকায় বিশেষ কর্মী মোতায়েন করা হয়েছে যাতে ভারী বৃষ্টিতে জল জমলেও দ্রুত নিষ্কাশন নিশ্চিত করা যায়। পাশাপাশি পুরনো ও দুর্বল কাঠামো চিহ্নিত করে মেরামতের কাজও চলছে।
রেল কর্তৃপক্ষের মতে, এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য হলো বর্ষার সময় ট্রেন চলাচলে বিঘ্ন কমানো এবং যাত্রীদের নিরাপদ ও সময়মতো পরিষেবা নিশ্চিত করা।