*নিজস্ব সংবাদদাতা:*
আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী উৎসব জামাই ষষ্ঠী। উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজার সামগ্রী, ফলমূল, করমচা থেকে শুরু করে ইলিশ মাছ—সবকিছুরই পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে টানা বৃষ্টি এবং মল মাসের প্রভাবে এ বছর বাজারে প্রত্যাশিত ভিড় কিছুটা কম বলে দাবি তাঁদের।
বাজার ঘুরে দেখা গেছে, ষষ্ঠী পূজার জন্য প্রয়োজনীয় বেলপাতা, দূর্বা, ফুল, করমচা ও নানা ধরনের ফলমূলের পর্যাপ্ত জোগান রয়েছে। যদিও আবহাওয়ার কারণে অনেক ক্রেতাই এখনও বাজারমুখো হননি। ব্যবসায়ীদের মতে, মল মাস চলায় বহু পরিবার নতুন জামাইয়ের ষষ্ঠী পালন করছে না, ফলে কেনাকাটার পরিমাণও তুলনামূলক কম।
অন্যদিকে জামাই ষষ্ঠীর অন্যতম আকর্ষণ ইলিশ মাছকে কেন্দ্র করে জমে উঠেছে মাছের বাজার। বিশেষ করে বাংলাদেশের চাঁদপুর থেকে আসা ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। স্বাদ ও গুণগত মানের কারণে এই ইলিশ কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতারা।
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, ছোট ও মাঝারি আকারের ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে রয়েছে। আর দেড় কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। দাম কিছুটা বেশি হলেও জামাই আপ্যায়নের ঐতিহ্য বজায় রাখতে অনেকেই ইলিশ কিনছেন।
ব্যবসায়ীদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা থেকে এবং আগামীকাল সকাল পর্যন্ত বাজারে আরও ভিড় বাড়বে। পূজার সামগ্রী থেকে ইলিশ—সবকিছুর পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। সব মিলিয়ে বৃষ্টি ও মল মাসের প্রভাব থাকলেও জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আবহ ইতিমধ্যেই স্পষ্ট।