ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার আসনে এককভাবে উঠে এলেন আর্জেন্টিনার অধিনায়ক।
সোমবার টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৭-তে পৌঁছে দেন মেসি। এর ফলে জার্মানির প্রাক্তন তারকা মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন তিনি।
এর আগে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ক্লোসের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। আর অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে সেই রেকর্ডকে পিছনে ফেলে এককভাবে শীর্ষস্থানে উঠে এলেন আর্জেন্টাইন মহাতারকা।
৩৮ বছর বয়সী মেসি এবার খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপে অভিষেকের পর থেকে দেশের জার্সিতে ইতিমধ্যেই ২০১ ম্যাচে ১২১টি গোল করে ফেলেছেন তিনি। বয়স বাড়লেও মাঠে তাঁর প্রভাব যে একটুও কমেনি, তা আরও একবার প্রমাণ করলেন ইন্টার মায়ামির এই ফুটবলার।
বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নামা আর্জেন্টিনার জন্য মেসির এই ফর্ম নিঃসন্দেহে বড় স্বস্তি। সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও ম্যাচের পর বলেন, ‘মেসিকে ছাড়া এই দল আরও ভালো হবে, এমনটা কেউ ভেবে থাকলে আজ বুঝে গিয়েছে, লিওই এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার।’
বর্তমানে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির পরেই রয়েছেন মিরোস্লাভ ক্লোসে (১৬), ব্রাজিলের রোনাল্ডো (১৫), জার্মানির গার্ড মুলার (১৪) এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় পেলে নকআউট পর্বে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। একইসঙ্গে গ্রুপ শীর্ষস্থানও কার্যত নিশ্চিত হয়ে যেতে পারে আলবিসেলেস্তেদের।