হাজার হাজার পরীক্ষার্থীর প্রস্তুতিতে শেষ মুহূর্তে পড়ল ব্রেক। নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ জুন মহারাষ্ট্রে শিক্ষক যোগ্যতা নির্ণয় পরীক্ষা (টেট) হওয়ার কথা থাকলেও, সম্ভাব্য প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসতেই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন।
জানা গেছে, পুলিশের একটি বিশেষ অভিযানে কিছু নথি উদ্ধার হওয়ার পর সন্দেহ তৈরি হয় যে সেগুলির মধ্যে পরীক্ষার প্রশ্ন থাকতে পারে। বিষয়টি সামনে আসতেই শিক্ষা কর্তৃপক্ষ আর কোনও ঝুঁকি নিতে চায়নি। পরীক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।
বর্তমানে বিশেষজ্ঞদের মাধ্যমে উদ্ধার হওয়া প্রশ্নগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। সেগুলি সত্যিই নির্ধারিত পরীক্ষার প্রশ্নপত্রের অংশ কি না, তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে গোটা ঘটনার নেপথ্যে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, সেটিও তদন্তকারীদের নজরে রয়েছে।
কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও পরীক্ষার্থীদের স্বার্থই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে না।
পরীক্ষার্থীদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর নজর রাখতে।