*উদয়পুর:* সনাতন সংস্কৃতি, বৈদিক শিক্ষা এবং হিন্দু ধর্মের মূল্যবোধ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে *‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’*। তিন দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান ও যজ্ঞের মধ্য দিয়ে কল্যাণ সাগর সংলগ্ন এলাকায় এই গুরুকুলের শুভ ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন (শিলান্যাস) সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আচার্য ড. শংকর মহারাজ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধু-সন্ত, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ভক্তবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিজেপি-র প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।
বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা ও যজ্ঞের মাধ্যমে গোটা অনুষ্ঠান ধর্মীয় আবহে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা গুরুকুল নির্মাণকে সনাতন ঐতিহ্য সংরক্ষণ ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।
বিজেপি-র প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, এই গুরুকুল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, ভবিষ্যতে এটি সমাজ ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে শিক্ষার্থীরা সনাতন হিন্দু ধর্মের আদর্শ, নৈতিক মূল্যবোধ, বেদ-উপনিষদের জ্ঞান, সংস্কৃত ভাষা এবং ভারতীয় ঐতিহ্য সম্পর্কে শিক্ষালাভের সুযোগ পাবে।
তাঁর মতে, এই উদ্যোগ নতুন প্রজন্মকে নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করবে এবং নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।