*গন্ডাছড়া:* ত্রিপুরায় আম চাষের প্রসার, কৃষকদের আয় বৃদ্ধি এবং রাজ্যের উৎপাদিত আমকে বৃহত্তর বাজারে তুলে ধরার লক্ষ্যে গন্ডাছড়ায় অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক একদিনের *‘ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’*। রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কৃষক, আমচাষি ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গন্ডাছড়া মহকুমার নারকেলকুঞ্জে আয়োজিত এই উৎসবে বিভিন্ন প্রজাতির আমের প্রদর্শনী, কৃষি প্রযুক্তি বিষয়ক স্টল এবং ফলচাষ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। জাতি-জনজাতি নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী *রতনলাল নাথ*। আম গাছের চারায় জল দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, আম চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। তিনি জানান, ত্রিপুরায় উৎপাদিত উন্নতমানের আমকে জাতীয় বাজারে পরিচিত করে তুলতে সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সরঞ্জাম ও উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি সফল আমচাষিদের উৎসাহিত করতে প্রদর্শনী, কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ এবং সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়।
উৎসবে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, এসডিএম অভিজিৎ এস. যাদব, কৃষি দপ্তরের অধিকর্তা ফণিভূষণ জমাতিয়া, বিএসি চেয়ারম্যান প্রদীপ জমাতিয়া-সহ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
কৃষি দপ্তরের মতে, গত তিন বছর ধরে এই রাজ্যভিত্তিক ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজনের ফলে রাজ্যের কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে আম চাষের আগ্রহ বাড়ছে। আগামী দিনেও ফলচাষকে আরও সম্প্রসারণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।