*নয়াদিল্লি:* আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া। দীর্ঘদিন বিরল রোগের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হলেন দেশের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার *শাপুর জাদরান*। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রের খবর, গত কয়েক মাস ধরে দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি *হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস (HLH)* নামে বিরল ও জটিল রোগে আক্রান্ত ছিলেন। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে বিভিন্ন অঙ্গে মারাত্মক প্রদাহ ও ক্ষতির সৃষ্টি করতে পারে।
জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়েন শাপুর জাদরান। আফগানিস্তানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে পাঠানো হয়। একসময় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু অল্পদিনের মধ্যেই রোগটি ফের গুরুতর আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাঁ-হাতি এই পেসার আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর গতি ও সুইং একসময় প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তাঁর অকাল প্রয়াণে আফগানিস্তান ক্রিকেট মহলে শোকের আবহ তৈরি হয়েছে।