দেরিতে খাবার পৌঁছানোয় ক্ষোভ, ডেলিভারি বয়কে মারধর! আগরতলায় চাঞ্চল্য আগরতলা | খোশবাগান |

দেরিতে খাবার পৌঁছানোয় ক্ষোভ, ডেলিভারি বয়কে মারধর! আগরতলায় চাঞ্চল্য আগরতলা | খোশবাগান |

admin
2 Min Read

২৬ জুন ২০২৬ আগরতলার খোশবাগান এলাকায় খাবার ডেলিভারি করতে গিয়ে মারধরের শিকার হলেন এক ডেলিভারি বয়। অভিযোগ, নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে অর্ডার পৌঁছানোয় ক্ষিপ্ত হয়ে এক গ্রাহক তাঁর উপর শারীরিকভাবে হামলা চালান।

আক্রান্ত ডেলিভারি বয়ের নাম অভিজিৎ সরকার। তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত। ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠেছে ভিকি মজুমদারের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অভিজিৎ সরকার একটি খাবারের অর্ডার নিয়ে খোশবাগান এলাকায় পৌঁছান। কিন্তু নির্দিষ্ট ঠিকানা খুঁজে পেতে সমস্যায় পড়েন তিনি। ঠিকানা নিশ্চিত করতে তিনি গ্রাহককে ফোন করলে অভিযোগ, গ্রাহক তাঁকে কখনও সামনে, কখনও পিছনে ঘোরান, ফলে সঠিক লোকেশন খুঁজে পেতে দেরি হয়।

পরবর্তীতে লোকেশন খুঁজে কাস্টমারের বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কোনো কথা না শুনেই গ্রাহক ক্ষুব্ধ হয়ে ডেলিভারি বয়ের উপর চড়াও হন এবং তাঁকে মুখে ও নাকে ঘুষি মারেন। এতে অভিজিৎ সরকার রক্তাক্ত হন বলে জানা গেছে। ঘটনাস্থলেই তাঁর বাইকও ক্ষতিগ্রস্ত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, পরে আক্রান্ত ডেলিভারি বয়ের ভাই ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর তিনি পশ্চিম থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। সাধারণ মানুষের একাংশ এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *