*আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিয়ে কড়া ভারতের, বলল— ‘সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আগ্রাসন’*

*আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিয়ে কড়া ভারতের, বলল— ‘সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আগ্রাসন’*

1 Min Read

আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা করল ভারত। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আগ্রাসন এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

ভারতের বক্তব্য, সীমান্তের ওপারে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার দায় অন্য দেশের উপর চাপানোর চেষ্টা করছে। হামলায় নারী ও শিশুসহ একাধিক সাধারণ মানুষের মৃত্যুর খবরকে অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেছে নয়াদিল্লি।

আফগানিস্তানের তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানের হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসলামাবাদের দাবি, অভিযানে ২৯ জন জঙ্গি নিহত হয়েছে এবং লক্ষ্য ছিল সন্ত্রাসবাদী ঘাঁটি।

ভারত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে এই হামলা চালানো হয়। তালিবান প্রশাসনের অভিযোগ, উদ্ধারকাজ চলার সময় একই এলাকায় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ‘ডাবল-ট্যাপ স্ট্রাইক’ হিসেবে পরিচিত এবং অত্যন্ত বিতর্কিত কৌশল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *