মুম্বই | নিজস্ব প্রতিবেদন
মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে টানা ভারী বৃষ্টির মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে রাস্তার মাঝখানে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি বেসরকারি ঠিকাদার সংস্থার রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে ম্যানহোলের ঢাকনা খোলা ছিল। সেই গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ খৈরানি রোড এলাকায় ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় জলমগ্ন রাস্তার নিচে থাকা খোলা ম্যানহোলটি দেখতে পাননি। মুহূর্তের মধ্যেই প্রবল স্রোতে তিনি ম্যানহোলের ভিতরে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশ ও দমকল বিভাগকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং ১০৮ জরুরি পরিষেবার উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির ছাতা ও চটি উদ্ধার হলেও দীর্ঘ সময় তাঁর কোনও খোঁজ মেলেনি।
প্রায় দু’ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর উদ্ধারকারী দল কাছাকাছি নিকাশি নালার অংশ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ম্যানহোলের ঢাকনা একটি বেসরকারি ঠিকাদার সংস্থা রক্ষণাবেক্ষণের কাজের জন্য খুলে রেখেছিল। কিন্তু সেখানে পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা বা নিরাপত্তা ব্যারিকেড না থাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর মুম্বইয়ের ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ি জানান, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে *’হোমিসাইড’ (অবহেলার কারণে মৃত্যুর)* অভিযোগে মামলা দায়ের করা হবে। পাশাপাশি ঠিকাদার সংস্থার ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) জানিয়েছে, প্রাথমিক তদন্তে এক আধিকারিকের গাফিলতির প্রমাণ মিলেছে। সেই কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মুম্বইয়ে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত। শহরের দাদর, পারেল, হিন্দমাতা, ওরলি, আন্ধেরি, গোরেগাঁও, চারকোপ-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের উপনগরীয় রেল পরিষেবাও কিছু সময়ের জন্য ব্যাহত হয়। বিভিন্ন রুটে ট্রেন ১০ থেকে ১৫ মিনিট দেরিতে চলেছে বলে যাত্রীদের অভিযোগ। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই মুম্বইয়ের চেম্বুর এলাকায় একটি স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ায় এক পড়ুয়ার মৃত্যু এবং আরও চারজন আহত হয়েছিলেন। তার মধ্যেই খোলা ম্যানহোলে পড়ে মৃত্যুর এই ঘটনা শহরের নাগরিক নিরাপত্তা ও বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
*সূত্র:* মুম্বই পুলিশ, মুম্বই ফায়ার ব্রিগেড, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC), এনডিটিভি।