*ইসলামাবাদ:* পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাটি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী দানা সার এলাকায় ঘটেছে। পাহাড়ি সড়কে চলার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট নিচে পাথুরে খাদে গিয়ে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল। মূল যাত্রীদের পাশাপাশি মাঝপথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীদেরও ওই বাসে তোলা হয়েছিল। ফলে যানটি অতিরিক্ত বোঝাই হয়ে পড়েছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
পাহাড়ি সড়ক, দুর্বল অবকাঠামো, অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর না হওয়ার কারণে পাকিস্তানে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। চলতি বছরের মে মাসেও উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি মিনিবাস সড়কের ধারে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দিলে ১৭ জনের মৃত্যু হয়েছিল।