মহারাষ্ট্রের পুনের তালেগাঁও দাবাডে এলাকায় একটি নতুন নির্মিত রাস্তার নীচে পাইপলাইন পরীক্ষার সময় হঠাৎ প্রবল জল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে বিশাল জলস্তম্ভ আকাশের দিকে উঠে রাস্তা ও আশপাশের এলাকা প্লাবিত হয়ে যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এটি কোনও রাস্তা ধসে যাওয়ার ঘটনা নয়। নিয়মিত পাইপলাইন টেস্টিং চলাকালীন অতিরিক্ত চাপের কারণে এই জল নির্গমন ঘটে। ঘটনায় কেউ আহত হননি।
ঘটনার পর তালেগাঁও পুরসভার প্রধান আধিকারিক গিরিশ দাপেকার জানান, পাইপলাইন পরীক্ষায় যে ত্রুটি ধরা পড়েছে তার দায় ঠিকাদার সংস্থাকেই নিতে হবে। রাস্তার মেরামত ও পুনর্নির্মাণের সমস্ত খরচ ঠিকাদারই বহন করবে।
এদিকে প্রবল বর্ষণে পুনে, মুম্বই ও পার্শ্ববর্তী জেলাগুলিতে জনজীবন বিপর্যস্ত। *ভারতীয় আবহাওয়া দফতর (IMD)* পুনে, মুম্বই শহর, মুম্বই উপনগর, থানে, পালঘর ও রায়গড় জেলায় *রেড অ্যালার্ট* জারি করেছে। রত্নাগিরি ও সাতারা জেলায় রয়েছে *অরেঞ্জ অ্যালার্ট*।
ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে মুম্বই মেট্রো ও BEST বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও উপনগরীয় রেল পরিষেবায় বিভিন্ন স্থানে বিলম্বের খবর পাওয়া গেছে।