*আগরতলা:* ত্রিপুরার কৃষিজাত পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত করার লক্ষ্যে এ.ডি. নগর কৃষি গবেষণা কেন্দ্র থেকে কালিখাসা চাল, সুগন্ধি লেবু এবং জিআই-স্বীকৃত কুইন আনারস বিদেশে রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ।
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬-এর ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী জানান, রাজ্যের কৃষি ও উদ্যানপালন খাতে দেশ-বিদেশের একাধিক বিনিয়োগকারীর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে কৃষিখাতে মোট ১,১১৭ কোটি টাকার বিনিয়োগের জন্য চুক্তি হয়েছে এবং আরও কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, বিনিয়োগকারী সংস্থাগুলি ত্রিপুরার কৃষিজাত পণ্য সংগ্রহ করে আন্তর্জাতিক বাজারে বিপণনের পাশাপাশি রাজ্যেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে। এর ফলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রতন লাল নাথ জানান, বর্তমানে বিশ্বের প্রায় ৮৫টি দেশে ত্রিপুরার সুগন্ধিযুক্ত চাল, সুগন্ধি লেবু, কুইন আনারসসহ বিভিন্ন কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, কৃষি খাতের পাশাপাশি বাণিজ্য ও বিদ্যুৎ ক্ষেত্রেও উল্লেখযোগ্য বিনিয়োগ এসেছে। রাজ্যের অর্গানিক কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে আরও বেশি করে পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানান মন্ত্রী।