# কৈলাসহরে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ; বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগও

# কৈলাসহরে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ; বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগও

*কৈলাসহর:* ঊনকোটি জেলার কৈলাসহর পুরপরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় মনু নদীর জল নিষ্কাশনে সমস্যা দেখা দেওয়ায় একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়মতো সুইস গেট খুলে জল বের করার ব্যবস্থা না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাজি মেমোরিয়াল ক্লাবের সভাপতি মৃন্ময় মল্লিক অভিযোগ করেন, গত ৭ ও ৮ জুলাই একাধিকবার বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মাকে সুইস গেট খুলে পাম্পের মাধ্যমে জল নিষ্কাশনের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই পদক্ষেপ নেওয়া না হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে এলাকায় জল ঢুকে পড়ে এবং বহু পরিবার সমস্যার মুখে পড়ে।

তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় মনু নদীর বাঁধ সংস্কারের কাজ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে বাঁধ সংস্কারের কাজ হলেও বাস্তবে প্রয়োজনীয় পরিমাণ বোল্ডার ব্যবহার করা হয়নি এবং কাজে ব্যাপক অনিয়ম হয়েছে।

শুক্রবার তিনি মহকুমাশাসক শান্তিময় দেববর্মা, গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেব এবং বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বাঁধ পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি কাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তোলেন এবং কেন সঠিকভাবে সংস্কারের কাজ করা হয়নি, সে বিষয়ে দপ্তরের আধিকারিকদের জবাবদিহি দাবি করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *