শিলচর, প্রতিনিধি : কাঠ ও ফার্নিচার শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক অ্যাডহেসিভ পণ্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল লংতরাই পরিবারের নতুন অ্যাডহেসিভ বিভাগ ‘হাইড্রোগ্রিপ’। সংস্থার উদ্যোগে শিলচরের একটি হোটেলে আয়োজিত হয় বিশেষ কার্পেন্টার মিট ও সচেতনতামূলক কর্মশালা। এতে শিলচর এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫০ জন কার্পেন্টার অংশগ্রহণ করেন।
বর্তমান সময়ে কাঠ ও ফার্নিচার শিল্পে উন্নতমানের আঠা বা অ্যাডহেসিভের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই বিষয়টিকে সামনে রেখেই আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কার্পেন্টারদের কাছে আধুনিক প্রযুক্তিনির্ভর অ্যাডহেসিভ পণ্যের গুণমান, স্থায়িত্ব, কার্যকারিতা এবং ব্যবহারিক সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইড্রোগ্রিপের এরিয়া সেলস ম্যানেজার রাহুল পাল, জোনাল সেলস ম্যানেজার পলাশ সরকার এবং সেলস এক্সিকিউটিভ বিপ্লব দাস। তাঁরা সংস্থার বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, প্রযুক্তিগত মান, বাজারে সম্ভাবনা এবং গ্রাহক সন্তুষ্টির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় নতুন প্রজন্মের অ্যাডহেসিভ পণ্যের বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরা হয়। কীভাবে উন্নতমানের আঠা কাঠ ও ফার্নিচারের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে বিষয়েও উপস্থিত কার্পেন্টারদের অবহিত করা হয়।
এদিন অংশগ্রহণকারী কার্পেন্টাররাও নিজেদের অভিজ্ঞতা, বাজারের বর্তমান চাহিদা এবং বিভিন্ন ধরনের অ্যাডহেসিভ ব্যবহারের সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে মতামত তুলে ধরেন। তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সংস্থার প্রতিনিধিরা বাস্তব অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র পণ্য বিক্রি নয়, বরং কাঠ ও ফার্নিচার শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের পেশাগত উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও তাদের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলে এ ধরনের কর্মশালা ও কার্পেন্টার মিট আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কার্পেন্টাররা সংস্থার উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আয়োজকদের মতে, কার্পেন্টারদের ইতিবাচক সাড়া এবং সক্রিয় অংশগ্রহণ হাইড্রোগ্রিপের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এই ধরনের উদ্যোগ কাঠ ও ফার্নিচার শিল্পে আধুনিক ও নির্ভরযোগ্য অ্যাডহেসিভ পণ্যের ব্যবহার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।