বাংলাদেশে রাম মূর্তি নির্মাণ ঘিরে বিতর্ক, ঢাকাসহ একাধিক শহরে বিক্ষোভ

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণ ঘিরে বিতর্ক, ঢাকাসহ একাধিক শহরে বিক্ষোভ

admin
2 Min Read

*আন্তর্জাতিক ডেস্ক:* বাংলাদেশে ভগবান শ্রীরামের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় প্রস্তাবিত রাম মূর্তি নির্মাণের কাজ স্থগিত হওয়ার পর রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ।

জানা গিয়েছে, গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় প্রায় ৮১ ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থানীয় প্রশাসনের নির্দেশে সেই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে দাবি প্রকল্পের উদ্যোক্তাদের। তাঁদের অভিযোগ, কিছু ইসলামপন্থী সংগঠনের বিরোধিতা এবং হুমকির জেরেই নির্মাণকাজ স্থগিত করতে হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ঢাকা-সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন হিন্দু সংগঠন এবং ছাত্রছাত্রীরা সমবেত হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেন। পাশাপাশি একাধিক সংগঠন পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচিও পালন করে।

বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, সাম্প্রতিক এক প্রতিবাদ কর্মসূচির সময় ভগবান রামের ছবি অবমাননার ঘটনা ঘটেছে। এই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর মেলেনি।

রংপুরে একটি বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রের দাবি, সেখানে সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

আন্দোলনকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংখ্যালঘুদের অধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং নিরাপত্তার প্রশ্ন আবারও সামনে চলে এসেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *