পশ্চিমবঙ্গ দিবসে পাঠ্যবইয়ে ইতিহাস অন্তর্ভুক্তির দাবি, সরব তাপস রায় ও সুকান্ত

পশ্চিমবঙ্গ দিবসে পাঠ্যবইয়ে ইতিহাস অন্তর্ভুক্তির দাবি, সরব তাপস রায় ও সুকান্ত

admin
2 Min Read

*কলকাতা:* প্রথমবার সরকারি উদ্যোগে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এই আবহে রাজ্যের শিক্ষাব্যবস্থায় পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস এবং দেশভাগের সময়কার ঘটনাবলি অন্তর্ভুক্ত করার দাবি উঠল শাসক শিবিরের একাংশ এবং বিজেপি নেতৃত্বের তরফে।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক তাপস রায় দাবি করেন, দেশভাগের সময় বাংলায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসা ও তৎকালীন পরিস্থিতির ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। তাঁর মতে, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় বর্তমান পাঠ্যক্রমে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সেই বিষয়গুলি স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান।

একই সুর শোনা যায় মন্ত্রী শঙ্কর ঘোষের বক্তব্যেও। তিনি বলেন, পশ্চিমবঙ্গ গঠনের পটভূমি এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা থাকা জরুরি।

অন্যদিকে, রাজ্য বিজেপির সদর দফতরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সুকান্ত মজুমদারের বক্তব্য, পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি এবং দেশভাগ-পরবর্তী পরিস্থিতিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই। তাঁর অভিযোগ, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গ গঠনের প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে স্কুলের পাঠ্যক্রমে এ বিষয়ে একটি পৃথক অধ্যায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। তারকেশ্বরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি রাজ্য বিজেপির সদর দফতর এবং বিধানসভাতেও দিবসটি পালিত হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *