আইপিএলের পরবর্তী মরসুমের আগেই বড়সড় ট্রেড ডিলের জল্পনা ক্রিকেট মহলে। সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর তাঁকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে রাজস্থান রয়্যালস।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, গত আইপিএলে দলের হতাশাজনক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের অভ্যন্তরীণ অস্বস্তির জেরে মুম্বই ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন হার্দিক। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের সঙ্গে তাঁর সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে, হার্দিককে ছাড়তে রাজি হলেও বিনিময়ে রাজস্থানের তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের রঞ্জি দলের ক্রিকেটার হওয়ায় যশস্বীর কাছে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া আকর্ষণীয় হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজস্থান শিবিরেও গত কয়েক মাস ধরে যশস্বীর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। অধিনায়কত্বের দৌড়ে তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত দলের নেতৃত্ব দেওয়া হয় রিয়ান পরাগকে। পাশাপাশি তরুণ বৈভব সূর্যবংশীর উত্থানের ফলে ব্যাটিং বিভাগেও নতুন প্রতিযোগিতার মুখে পড়েছেন যশস্বী।
এদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের আরেক অভিজ্ঞ ব্যাটার সূর্যকুমার যাদবও নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধানে রয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে অধিনায়কত্বের প্রস্তাবও দিতে পারে বলে খবর।
রোহিত শর্মার ক্যারিয়ার শেষ পর্যায়ে পৌঁছনোর প্রেক্ষাপটে এবং হার্দিক-সূর্যকুমারের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায়, আগামী দিনের দল গঠনে তরুণ তারকাদের উপর ভরসা করতে চাইছে মুম্বই। সেই কারণেই যশস্বী জয়সওয়ালকে ঘিরে আগ্রহ বাড়ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
তবে এখনও পর্যন্ত এই সম্ভাব্য ট্রেড নিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। ফলে পুরো বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।