ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট *বিগ ব্যাশ লিগ (BBL)*-এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)-এ যৌথভাবে ঘোষণা করেন, *২০২৬-২৭ মরশুমের বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে* অনুষ্ঠিত হবে।
এই ম্যাচে মুখোমুখি হবে *মেলবোর্ন রেনেগেডস* ও *পার্থ স্কর্চার্স*। এটিই হবে বিগ ব্যাশ লিগের ইতিহাসে প্রথম ম্যাচ, যা অস্ট্রেলিয়ার বাইরে আয়োজিত হচ্ছে।
এই উদ্যোগটি ভারত-অস্ট্রেলিয়ার ক্রীড়া সম্পর্ক আরও মজবুত করতে নেওয়া *‘জি’ডে নমস্তে (G’day Namaste)* কর্মসূচির অংশ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার *অ্যালিস্টার ডবসন* জানান, চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসের কথা মাথায় রেখেই এই ভেন্যু বেছে নেওয়া হয়েছে। তাঁর আশা, ম্যাচে দর্শকদের বিপুল উপস্থিতি দেখা যাবে। তিনি বলেন, ভারতে আইপিএলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি হলেও বিগ ব্যাশ লিগও এখানে যথেষ্ট পরিচিত এবং সম্মানজনক টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়।
এই ম্যাচটি মেলবোর্ন রেনেগেডসের ‘হোম ম্যাচ’ হিসেবে গণ্য হবে। ম্যাচ শেষে দুই দলকে অস্ট্রেলিয়ায় ফিরে পরবর্তী সূচিতে অংশ নেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, *বিগ ব্যাশ লিগ ২০২৬-২৭-এর পূর্ণাঙ্গ সূচি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।*